
কামরুজ্জামান, মোংলা : দ্রুতগতিতে এগিয়ে চলেছে সরকারের অগ্রাধিকার প্রকল্প রামপালে ১ হাজার ৩শ ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এরই মধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণসহ ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
২০১৩ সালের ৮ অক্টোবর বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী ও কৈগরদাশকাঠী এলাকায় ১ হাজার ৩শ ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিট নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করে। ১৮শ ৩৪ একর জমির ওপর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
রামপালে নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬শ ৬০ মেগাওয়াট করে ২টি ইউনিটের নিরমাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে, এর মধ্যে হয়ে গেছে অনেক অবকাঠামো, কর্মতৎপর পুরো এলাকা। চলছে বয়লার, টারবাইন্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ডশেড ইয়ার্ড নির্মাণের কাজ।
নির্ধারিত সময়েই কমিশনিং ও বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ-ইন্ডিয়া ফেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প উপ-পরিচালক -রেজাউল করিম।
স্থানীয় জনপ্রতিনিধি তালুকদার আব্দুল খালেক বলেন, বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবে। বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে। এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে খুলনা ও মোংলা বন্দরের কর্মতৎপরতা বাড়বে, ইতিবাচক প্রভাব পড়বে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নয়নেও।
বাংলাটিভি/ এসনূর



