প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ জনগণের প্রতি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

আসাদ রিয়েলে, ঢাকা : শিক্ষার মাধ্যমে মানুষ অধিকার সচেতন হলে কেউ তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নিজ কার্যালয়ে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া এই সম্মাননা বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধুকন্যার হাতে পদক তুলে দেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস। বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য তার কাজ করতে পারার পেছনে বাংলাদেশের জনগণের অবদানই সবচেয়ে বেশি।
অবৈধ ক্ষমতা দখলদারদের কারণে বার বার দেশের উন্নয়নের ধারা ব্যাহত হয়েছে। ভবিষ্যতে যেন তা আর না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করে যাচ্ছে। তাই জনগণকে নিজের মূলশক্তি উল্লেখ করে, এই পুরস্কার দেশের জনগণের প্রতি উৎসর্গ করেন শেখ হাসিনা।

২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে ২০১৬ সালে প্রবর্তিত হয় ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এর আগে মালদ্বীপ, ঘানা ও মরিশাসের প্রেসিডেন্ট পেয়েছেন এ পুরস্কার।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button