নওগাঁয় লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচি

আশরাফুল নয়ন, নওগাঁ : নওগাঁয় খরা-তাপ, বজ্রপাত মোকাবেলায় ও মেঘ-বৃষ্টি আকর্ষণকারী পরিবেশবান্ধব তালবীজ রোপণ করা হয়েছে। গতকাল মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাগাচাড়া এলাকা থেকে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।
বজ্রপাত, একটি আতঙ্কের নাম। প্রতি বছর বজ্রপাতে মারা যান অনেক মানুষ। বিশেষজ্ঞদের ধারণা পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত আর তাতে মুত্যু। সাধারণত বজ্রপাত বেশী আঘাত হানে উঁচু গাছে। আর তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপনের ওপর জোর দেয়া হয়।
নওগাঁয় পরিবেশের ভানসাম্য রক্ষায় লক্ষাধিক তালবীজ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগটি নিয়েছেন স্থানীয় একজন সাংবাদিক। এ ধরনের উদ্যোগে খুশী স্থানীয়রা।
সাংবাদিক মাহমুদুন নবী বেলাল জানালেন, গত ৩ বছর ধরে তালগাছ রোপন করে যাচ্ছেন তিনি এবং নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তালগাছ রোপন করে যাবেন তিনি।
শুধু বজ্রপাতের ঝুকি কমানোই নয়, আর্থিক কারণেও তাল গাছ রোপণ করা যেতে পারে বলে মনে করেন কৃষিবিদরা।



