১ জন চিকিৎসকে চলছে পাবনা বক্ষব্যাধী হাসপাতাল

এসএম আলম, পাবনা : পাবনার একমাত্র বক্ষব্যাধী হাসপাতালে লোকবল, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। অন্য হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসক নিয়ে এসে কোনরকমে চলছে প্রতিষ্ঠানটি। দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগ না করা হলে হাসপাতালটি মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন সংস্লিষ্টরা।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পাবনার একমাত্র বক্ষব্যাধী হাসপাতাল চলছে দায়িত্বপ্রাপ্ত একজন মাত্র চিকিৎসক দিয়ে। তিনি বক্ষব্যাধী রোগের চিকিৎসক না হয়েও একাই প্রতিদিন চিকিৎসা দিচ্ছেন গড়ে একশ রোগীকে। ফলে চিকিৎসাসেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। এছাড়া টেকনিশিয়ানের অভাবে চালু করা সম্ভব হচ্ছেনা এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন। কফ পরীক্ষার ৪টি মেশিনের দুটিই বিকল।ফলে প্যাথলজি পরীক্ষার জন্য অনেক রোগীকে পাঠাতে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
নানা ভোগান্তির কথা তুলে ধরে ভুক্তভোগী রোগীরা বলেন, পর্যাপ্ত লোকবল ও চিকিৎসক না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসে থাকতে হয়। তারপরেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। তাই যক্ষাসহ বক্ষব্যাধীর এ বিশেষায়িত হাসপাতালের সকল সমস্যা অতি দ্রুত সমাধানের দাবী স্থানীয়দের।
একজন কনসালটেন্ট এবং ৩ জন মেডিকেল অফিসারের কাজ একা করা কষ্টসাধ্য বলে জানালেন হাসপাতালের একমাত্র চিকিৎসক ডাক্তার তানজিনা মোস্তফা।
পাবনা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আবু জাফর জানায়, সম্প্রতি এ হাসপাতালের চিকিৎসকের সব পদ শুন্য হয়ে যাওয়ায় স্কুলস্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসককে দিয়ে চালু রাখা হয়েছে চিকিৎসাসেবা।
বাংলাটিভি/ নূর



