
আসাদ রিয়েল : যত ক্ষমতাধরই হোক আইন অমান্যকারী ও দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ বছর সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় সাড়ে তিন লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান এ সময়।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাসহ হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং বিভিন্ন পূজমণ্ডপ পরিচালনা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তিনি জানান, গতবছরের তুলনায় এবার সারাদেশে পূজামণ্ডপ বেড়েছে এক হাজারের বেশি। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পরে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়, দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
বাংলাটিভি/ নূর



