প্রতীমা তৈরীতে ব্যস্ত আগৈলঝাড়ার মৃৎশিল্পীরা

এফ এম নাজমুল, আগৈলঝাড়া : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা আর অল্প সময় বাকী। এরই মধ্যে বাজতে শুরু করেছে দেবী দুর্গার আগমনী বার্তা। অন্যান্য বছরের মতো এবারও বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পূজা মন্ডপ তৈরী হচ্ছে আগৈলঝাড়া উপজেলায়। জেলার ৫শ ৩২টি মন্ডপের মধ্যে আগৈলঝাড়ায় ১শ ৫১টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। আর তাই প্রতীমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা।
পঞ্জিকা মতে, ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠবে। ৪ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ৮ অক্টোবর দশমী বিহিত পূজা ও দশহরার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি পূজার অনুষ্ঠান সমাপ্ত হবে।
এখন চলছে সর্বশেষ মাটির প্রলেপের কাজ। এরপর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন দেবী দূর্গার দৃষ্টি নন্দিত রূপ।দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে নির্মাণ শিল্পীদের ব্যস্ততা। মন্ডপে মন্ডপে চলছে সু-দৃশ্য গেট, প্যান্ডেল নির্মাণ আর আলোকসজ্জার কাজ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির কমিটি ও স্থানীয় সেচ্ছাসেবকদের নিয়ে সম্প্রিতি কমিটি গঠন করা হবে। এছাড়া পুলিশের পাশাপাশি থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা এ তথ্য জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল রব হাওলাদার।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈ জানান, গেলোবছর আগৈলঝাড়া উপজেলায় ১শ ৪৭টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ ৫১ টিতে।
সর্বপরি যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া পুজা উদযাপন সম্পন্ন হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাটিভি/ নূর



