দেশবাংলা

দেড় মাস বিদ্যুৎবিহীন পাঁচ শতাধিক পরিবার

ইলিয়াস বসুনিয়া, লালমনিরহাট : ডিজিটাল এ যুগে বিদ্যুত ছাড়া যেখানে এক মুহূর্ত কল্পনা করা যায়না, সেখানে প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ বিহীন রয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার। এতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। র্দীঘ সময় পার হলেও বিকল ট্রান্সফরমার মেরামত না করায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে চলতি বছরে বিদ্যুৎ বিভাগ নতুন লাইন সম্প্রসারণ করে। একই সময় স্থানীয়দের ২ লাখ ৮০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে ২শ ৫০ কেভিএ ১টি ট্রান্সফরমার বরাদ্দ পায়। এ ট্রান্সফরমার থেকে উত্তর জওরানী ও পুর্ব কাদমা ২টি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা পায়। কিন্তু নতুন বিদ্যুৎ সংযোগের ৬ মাস যেতে না যেতেই ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েন এলাকাবাসী।

ভুক্তভোগী গ্রামবাসী অভিযোগ করে বলেন, বিষয়টি লিখিতভাবে অবগত করা হলে ট্রান্সফরমার মেরামতের জন্য খরচ বরাদ্দ চান সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী। বরাদ্দ টাকা দিতে না পারায় এটি আর মেরামত করেনি কতৃপক্ষ। অন্যদিকে বিকল্প বিদ্যুৎ সংযোগের কোনো ব্যবস্থাও করেনি কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি,হাতীবান্ধা বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায়।

দ্রুত সময়ের মধ্যে বিকল ট্রান্সফরমারটি মেরামত কিংবা বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ২ গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button