টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিন যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিন যুবক নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়। ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পাহাড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অস্ত্র ও মাদকসহ বহু মামলার পলাতক ৩ আসামিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে বাহারছড়া শামলাপুর ঢালা এলাকায় অস্ত্র ও চোরাই পণ্য উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহতরা হলো, উখিয়ার বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল, একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ ও টেকনাফের নতুনপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক।
নিহত তিনজনের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ ছিল। এ ব্যাপারে টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাটিভি/ নূর



