বিশ্ববাংলা
রিয়াদ ডিটেনশন ক্যাম্পে হাজার খানেক বাংলাদেশি কর্মী

মিজানুর রহমান : আবারো শূন্য হাতে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেন ১৬০ বাংলাদেশি শ্রমিক। গত মঙ্গলবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। রিয়াদ ডিটেনশন ক্যাম্পে এখনও হাজার খানেক বাংলাদেশি কর্মী রয়েছেন বলেও জানান তারা।
ফিরে আসা শ্রমিকরা জানান, বৈধ আকামা থাকা সত্ত্বেও, দেশটির প্রশাসন জোরপূর্বক গ্রেফতার করে জেলখানায় কিছুদিন রাখার পর, দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে তাদের। এছাড়াও কয়েকজন কর্মীর অভিযোগ, তাদের কফিল আকামা নতুন করে নবায়ন করেনি।
এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস তাদের কোন সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন ফিরে আসা কর্মীরা। তারা বলেন, সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হতে পারে সৌদি আরবের শ্রমবাজারে।



