দেশবাংলা

আখাউড়া স্থলবন্দরে পণ্য রফতানিতে ধস

সাইফুল ইসলাম, আখাউড়া : শতভাগ রফতানিমুখী স্থলবন্দর হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ক্রমেই কমছে ভারতে পণ্য রফতানির পরিমাণ। ফলে প্রতি অর্থবছরেই কমছে রফতানি। এতে করে সরকার হারাচ্ছে প্রচুর রাজস্ব। তাই সকল প্রকার বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়ার দাবি ব্যবসায়ীদের।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির পরিমাণ দিন দিন কমে আসছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক ও ভোজ্য তেলসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হতো। শ্রমিকদের কর্ম তৎপরতায় মুখর থাকত পুরো স্থলবন্দর। কিন্তু ত্রিপুরার সঙ্গে অন্যান্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এখন আর নেই তেমন কোনো কর্মচাঞ্চল্যতা।

রফতানি ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা জানান, বর্তমানে হাতে গোনা কয়েকটি পণ্য তাও আবার স্বল্প পরিমাণে রফতানি করা সম্ভব হচ্ছে। সুযোগ না থাকায় আমরা চাইলেও পারছি না। এ অবস্থায় স্থলবন্দরটি টিকিয়ে রাখতে আমদানি বাড়ানোর সুযোগ চান ব্যবসায়ীরা।

এদিকে বৈধ সব ধরণের পণ্য আমদানির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আবেদনও করা হয়েছে বলে  জানান, আখাউড়া রাজস্ব কর্মকর্তা  মো: হারুনুর রশীদ।

তবে বন্দরটিকে আরও গতিশীল করার কাজ চলছে বলে জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button