সৌদি আরবে জনশক্তি প্রেরণের জন্য কাজ করছে সরকার

গোলাম কিবরিয়া : সৌদি আরবে স্বল্পসময়ের ভিতর জনশক্তি প্রেরণের জন্য কাজ করছে সরকার বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১৯ সেপ্টেম্বর দাম্মামে রিক্রুটিং এজেন্ট ও নিয়োগকর্তাদের নিয়ে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিষয়ে আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো জানান, ভিসা প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে শীঘ্রই একটি ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাষ্ট্রদূত গোলাম মসিহ। বক্তব্য রাখেন, বায়রার সভাপতি বেনজীর আহমেদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ যাহিদ হোসেন, মোহাম্মদ সরোয়ার আলম, দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি এস এম আনিসুল হক ও বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
সৌদি নিয়োগকর্তাদের বাংলাদেশ থেকে আরো বেশী কর্মী নিয়োগের আহবান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, বাংলাদেশিরা জাপান, কোরিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। পরে, সৌদি নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে বাছাই করে কর্মী প্রেরণের ক্ষেত্রে সময় কমিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বাংলাটিভি/ নূর



