৫ মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় পানির দাম বৃদ্ধি

চৌধুরী এমরান, চট্টগ্রাম : আবারো পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা। এতে জোর আপত্তি জানিয়েছে, গ্রাহক ও বোর্ড সদস্যরা। তবে সব উপেক্ষা করে ৫ মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় প্রায় ৬২ শতাংশ পানির দাম বাড়ানোর জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
চট্টগ্রামে ওয়াসার সংযোগ আছে ৭৩ হাজার ৮শ ৮৪টি। এরমধ্যে আবাসিক খাতে ৯৭ শতাংশ এবং অনাবাসিক খাতে ৩ শতাংশ। আবাসিক ও অনাবাসিক খাতে দিনে ৫০ থেকে ৫৫ কোটি লিটারের চাহিদার বিপরীতে ওয়াসা সরবরাহ করছে ৩৬ কোটি লিটার। নিয়মানুযায়ী প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। মাত্র ৫ মাস আগে বাড়ানোর পর আবারও বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা, তাও শতকরা ৬২ শতাংশ। এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়েও।
স্থানীয়রা জানান, এমনিতেই চাহিদা অনুযায়ী পানি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, তার ওপর উল্টো দাম বাড়ানোর প্রক্রিয়া জনমনে ক্ষোব এনে দিয়েছে।
অবশ্য পানির দাম বাড়ানো নিয়ে ওয়াসার ভেতরেই আছে ভিন্নমত, অনেকেই এর বিরোধিতা করলেও দাম বাড়ানোর পক্ষে সাফাই গাইলেন ব্যবস্থাপনা পরিচালক মহসিন কাজী।
অন্যদিকে আরেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, সিস্টেম বর্হিভূত পরিচালনা, পানি চুরি আর অপচয়রোধ করা গেলে পানির দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না।
বাংলাটিভি/ নূর



