নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ চায় নরসিংদীবাসী

শরীফ ইকবাল, নরসিংদী : নরসিংদীতে কারখানার বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি নদীতে মিশে নদীর পানি যেমন দূষিত হচ্ছে একইসাথে ভরাট হয়ে যাচ্ছে নদী, এতে মাছশূন্য হওয়ার পাশাপাশি ঠিকমত চলাচল করতে পারছে না নৌযান। বিশিষ্টজনেরা বলছেন, দূষণ আর দখল মুক্ত করা না হলে অচিরেই হারিয়ে যাবে নদীগুলো।
নদী বেষ্টিত জেলা নরসিংদী। জেলার একদিকে শীতলক্ষা অপরদিকে মেঘনা। এ দুটি বড় নদী নরসিংদীকে ঘিরে রেখেছে চারদিক দিয়ে। এ নদীকে পাড়েই গড়ে উঠছে শিল্পাঞ্চল। মূলত নদীপথে পণ্য পরিবহনে সুবিধার কথা চিন্তা করেই এ অঞ্চলে গড়ে উঠেছে এসব শিল্প প্রতিষ্ঠান।
জেলার ছোট বড় নদীর পাড় দখল করে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এতে গতিপথ পরিবর্তনসহ সংকুচিত হয়ে গেছে নদী। দু’পাড়ের কারখানার বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত দুষিত পানি পাইপ লাইনের মাধ্যমেই নদীতে ফেলা হচ্ছে। এতে নদ-নদীর পানি দুষিত হয়ে মাছসহ জলজ প্রাণী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, চলতে পারছে না নৌকা।
নদী পাড়ের মানুষজন জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হলেও নরসিংদীর নদীগুলো দেখার যেন কেউ নেই। নদীর পানি দুষিত ও গতিপথ সংকৃচিত হওয়ায় নদী ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এলাকাবাসীকে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগের মধ্যে। এখন কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জেলাবাসীর।
নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে নদীতে ময়লা ফেলা বন্ধ করার পাশাপাশি দখল মুক্ত করতে সরকারের সুদৃষ্টি চান নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মইনুল ইসলাম।
বাংলাটিভি/ নূর



