‘অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিশ্ব নেতাদের অঙ্গীকার প্রত্যাশা’

আব্দুল হামিদ, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে এবার বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট অঙ্গীকার প্রত্যাশা করছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে রোববার স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় নিউইয়র্ক পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তনসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়, দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে।
এছাড়া সৌজন্য সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও। তবে এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকটের সমাধান খোঁজাই হবে বাংলাদেশের অগ্রাধিকার প্রসঙ্গ বলে আবারও জানান মন্ত্রী ।
সোমবার সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও জলবায়ু সম্মেলনেও বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/ নূর



