পাঁচবিবিতে অর্থের বিনিময়ে মিটার টেম্পারিংয়ের অভিযোগ

রেজাউল করিম, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে অর্থের বিনিময়ে পল্লী বিদ্যুত গ্রাহকদের মিটার টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে জোনাল অফিসের কতিপয় কর্মচারীর বিরুদ্ধে। তারা গ্রাহকদের মিটারের বিদ্যুৎ বিল কমিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে এসব মিটার টেম্পারিং করছেন। কিছুদিন পর তারাই আবার ওইসব মিটারকে অবৈধভাবে টেম্পারিং-এর অভিযোগ এনে অভিনব কৌশলে চাঁদাবাজি করছেন। এদিকে গ্রাহকদের কাছে মোটা অঙ্কের টাকা না পেলে, এসব সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দিচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওতায় সৈয়দ আলীর মোড়, বিষ্ণপুর ও ঘাসুরিয়া এলাকায় গত কয়েক মাস আগে থেকে ওই অফিসের ড্রাইভার জিয়াউর রহমান, শ্রমিক শহিদুল ও মহব্বতের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মিটার টেম্পারিং-এর অভিযোগ উঠে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করে মিটার টেম্পারিং করলে বিদ্যুৎ বিল কম আসবে এমন প্রলোভন দিয়ে তারা গ্রামের গ্রাহকদের মিটারের সিল কেটে টেম্পারিং করে দেয়। তারপর সুকৌশলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা দাবি করে নতুবা মামলার হুমকি দেয়। গ্রাহকরা টাকা দিতে রাজি না হলে অফিসে মিটার টেম্পারিংয়ের অভিযোগ দিয়ে সংযোগ বিছিন্ন করে দেয়।
অভিযুক্তদের শাস্তির পাশাপাশি গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান) মোঃ ফয়েজ মন্ডল। তিনি বলেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ বেশকিছুদিন আগে থেকেই চলে আসছে। কিন্তু অতি চালাক হওয়াই তাদের হাতেনাহেত ধরা সম্বব হচ্চে না।
এদিকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, ডেপুটি জেনারেল ম্যানেজার গবিন্দ চন্দ্র দাস।
বাংলাটিভি/ নূর



