কালীগঞ্জে ছড়িয়ে পড়ছে গবাদি পশুর ‘লামফি স্কিন’ রোগ

জিয়াউর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন গ্রামে মশা-মাছির মাধ্যমে গবাদি-পশুর শরীরে ছড়িয়ে পড়ছে ভাইরাস জনিত রোগ লামফি স্কিন ডিজিস। এর প্রকোপ সব থেকে বেশী লক্ষ করা গেছে কালীগঞ্জ উপজেলায়। ইতোমধ্যে এ রোগে গরু মারা যেতে শুরু করেছে। যদিও বিভিন্ন পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভাইরাস জনিত এরোগ ছড়িয়ে পড়ছে। যা মশা-মাছির মাধ্যমে বিস্তার লাভ করছে এবং দ্রুত আক্রান্ত হচ্ছে গবাদি পশু। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয়, লামফি স্কিন ডিজিস। কোরবানীর ঈদের পর জেলায় প্রথম এ রোগ সনাক্ত হয়।
প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে জেলায় প্রায় ৩০ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এতে গরু শুকিয়ে যায়, মাংশ ও দুধের উৎপাদনশীলতা কমে যায় পাশাপাশি নষ্ট হয়ে যায় চামড়ার গুণগতমান।
খামারীরা জানায়, সরকারি ডাক্তার আসছে না। আর স্থানীয় পশু চিকিৎসকরা ইনজেকশন দিয়ে যাচ্ছেন, কিন্তু রোগ সারছে না। আর এ কারণে বাজারে গরু বিক্রি করাও সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ এস এম আতিকুজ্জামান বলেন, ভাইরাস জনিত এ রোগের তেমন কোন চিকিৎসা নেই। তবে গরুকে মশারীর মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।
১৯৯০ সালে আফ্রিকা মহাদেশে প্রথম দেখা দেয় ভাইরাস জনিত এই রোগ। পরে বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছে।
বাংলাটিভি/ নূর



