দেশবাংলা
রাজবাড়ীতে বেরী বাঁধ বাঁচানোর দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙনের কবল থেকে শহররক্ষা বেরী বাঁধ বাঁচানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পদ্মা নদীর পাড়ে এলাকাবাসী ও জেলা শহর রক্ষা বাঁধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নদী বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, শহর রক্ষা বাঁধ কমিটির সভাপতি মেহেদী হাসান কবীরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবছর নদীর পাড় ও বেরীবাঁধ রক্ষার নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও তা আমাদের উপকারে আসে না। রাজবাড়ীতে গত কয়েক বছরে হাজার হাজার একর জমি ও বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। নদীভাঙন ও বেরী বাঁধ রক্ষার জন্য স্থায়ী সমাধান চান তারা।
গত কয়েকদিনে পদ্মার তীব্র স্রোতে গোদার বাজার এলাকাসহ বিভিন্নস্থানে দেখা দিয়েছে ভাঙন।
বাংলাটিভি/ নূর



