
শাহরিয়ার রাজ : ‘বিশ্বের বিভিন্ন দেশ যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসছে তখন আমরা নতুনভাবে এ প্রকল্পে নিজেদের জড়িয়ে ফেলছি। যেসব দেশ আমাদের দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থ ব্যয় করছে তারা নিজেদের দেশ থেকে সরে এসেছে। বিশেষ করে ভারত ও চীন। তারা আমাদের দেশে এসে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে সরকারকে জিম্মি করে দাবি আদায় করছে’।
শুক্রবারে সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বা ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ উপলক্ষে টিআইবি আয়োজিত মানববন্ধনে ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বর্তমান বিশ্বে জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেন টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ১৬টি ইয়েস গ্রুপের তরুণরা অংশগ্রহণ করেন এ মানববন্ধনে। মানববন্ধনে ইয়েস সদস্য ছাড়াও টিআইবি কর্মী, টিআইবি সদস্য এবং বিভিন্ন সমমনা সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডক্টর ইফতেখারুজ্জামান আরো বলেন, ‘আমরা এখন বৈশ্বিক শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের ঘরের শত্রু কিন্তু আরও বেশি বিভীষণ। কারণ ঘরের শত্রু এখন বাংলাদেশকে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যদিয়ে বৈশ্বিক হারে রূপান্তর করছে।’
বাংলাটিভি/ নূর



