কুয়েতে জালিয়াতির অভিযোগে বাংলাদেশিকে জেল

আ হ জুবেদ, কুয়েত : ভিসা জালিয়াতির অভিযোগে আব্দুল বারেক নামে এক বাংলাদেশিকে ৩ বছরের জেল ও তিন হাজার কুয়েতি দিনার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। প্রতারণার শিকার হয়ে দেশটিতে পাড়ি জমানো এসব বাংলাদেশিরা নির্দিষ্ট কাজ ও আকামা না পেয়ে অতিকষ্টে দিনযাপন করেছেন। দৈনিক আরব টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।
জীবিকার সন্ধ্যানে প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের শ্রমবাজারে প্রবেশ করছেন। এদের মধ্যে অনেকে ভিসা দালালদের দ্বারা প্রতারণার শিকার হয়ে দেশটিতে মানবেতর জীবন যাপন করছেন। সম্প্রতি দেশটির পুলিশ একটি কন্সট্রাকশান এলাকা থেকে কিছু সংখ্যক শ্রমিকদের গ্রেফতার করার পর উম্মোচন হতে থাকে ভিসা দালালদের নানান প্রতারণার কাহিনী।
দালালদের প্রতারণা প্রকাশ হওয়ায় দেশটির জনশক্তি মন্ত্রণালয় তদন্ত করে ৪০০ শত ভিসা ১,৫০০ দিনার করে বিক্রির দায়ে একজন স্থানীয় নাগরিক ও একজন মিশরি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কুয়েতের ক্রিমিনাল কোর্ট।
এদিকে একই অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর আব্দুল বারেক নামে এক বাংলাদেশিকে ৩ বছরের জেল ও তিন হাজার কুয়েতি দিনার জরিমানা করেছে দেশটির একটি আদালত।
ভিসা জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া পূর্বক দেশটির শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে দূতাবাসসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।
অপরাধের সাথে যুক্ত না হয়ে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বাংলাটিভি/ নূর



