সারাদেশে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মাসুদ রানা : আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন আজ। ১৯৪৭ সালে আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। একটানা প্রায় ১১ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন। ঘটা করে জন্মদিন পালন না করলেও, শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানরত থাকায় সারাদেশে তার জন্মদিন পালন করছেন দলীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার রফিকুল্লাহ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম, এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনার মোংলায় নানা আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। কুড়িগ্রামে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যলয় থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জামালপুর, টাঙ্গাইলসহ সারাদেশে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাটিভি/ নূর



