অপরাধবাংলাদেশ

ক্রীড়াঙ্গনে ক্যাসিনোর থাবা, ক্রীড়া পরিবেশ হুমকির মুখে

মোহাম্মদ হাসিব : ক্রীড়াঙ্গনের ক্লাবপাড়ায় নতুন এক আতঙ্কের নাম ক্যাসিনো। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে যাদের অগ্রণী ভূমিকা রাখার কথা তারাই কি-না এখন অন্ধকার জগতের বাসিন্দা। ক্রীড়া সাংবাদিকদের মতে, ক্লাবপাড়ায় আড্ডা দেয়ার রেওয়াজ থাকলেও ক্যাসিনোর মত লজ্জাজনক ঘটনা তাদেরও পীড়া দিচ্ছে বারবার। দেখা দিয়েছে ক্লাবে ক্লাবে ক্যাসিনো-সংস্কৃতি।

কয়েক দিন ধরেই খবরের শিরোনামে ঢাকার ক্লাবপাড়া। খেলাধুলা-সংক্রান্ত কোনো বিষয়ে নয়। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবগুলো খবরে আসছে জুয়া-ক্যাসিনোর অভিযোগে। দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে ক্যাসিনো সম্পৃক্ততার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়, গেল ১৮ সেপ্টেম্বর থেকে। রাজনীতির পোশাক পরা ব্যক্তিদের পাশাপাশি, ক্রীড়াঙ্গণের বেশ কয়েকজন ব্যাক্তির সম্পৃক্ততা এতে চাঞ্চল্য সৃষ্টি করে।

এ প্রসঙ্গে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ বলেন, ‘এই সব ক্লাবগুলোর সাথে জারা জড়িত এবং একই সাথে বিভিন্ন ফেডারেশন কিংবা্ বিসিবি’র সাথে  সম্পৃপ্তদের দেয়া বক্তব্য খুবই বিস্ময়কর লেগেছে। তারা কিভাবে বলতে পারেন যে তারা এসবের কিছুই জানতেন না!’

শুরুটা হয় ফকিরেরপুলের ইয়ংমেনস ক্লাব দিয়ে। এরপর বেরিয়ে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং, ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ, দিলকুশার মত ঐতিহ্যবাহী ক্লাবগুলোর সম্পৃক্ততার খবর।

ক্লাবগুলোর সাথে ক্যাসিনোর মতো জুয়ার আসর জড়িয়ে যাওয়াকে খুব দুঃখজনক এবং লজ্জার বলে মন্তব্য করেছেন আরেক জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল। এছাড়া ক্রীড়াঙ্গণের পরিবেশ  হুমকির মধ্যে বলেও মন্তব্য করেন তিনি।

ফুটবলের সেই জৌলুস এখন আর নেই। ক্রিকেট ভালো করলেও, এসব ক্লাব তাতে আগ্রহ দেখায় না। হকি তো আরো পরের ইভেন্ট। তাহলে কি ক্লাবপাড়ায় এমন কার্যকলাপের কারণেই দেশের ক্রীড়াঙ্গনে এই হতাশা মনে করছেন অনেকেই?

যে ক্লাব সংস্কৃতির ওপর বেঁচে থাকে দেশের ক্রীড়াঙ্গন, তাতে পচন বেশ আগে থেকেই; সাম্প্রতিক ক্যাসিনো-সংস্কৃতির খবর তাতে যেন শেষ পেরেকটিই ঠুকে দিল বলে মনে করছেন, সাবেক ক্রীড়াবিদরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button