মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী

আসাদ রিয়েল : জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আট দিনের সরকারি সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত ১২ টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি নিউ ইয়র্ক থেকে রওনা হন।
আবুধাবিতে যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন তিনি। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। এছাড়া এই সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও তার বৈঠক হয়। সফরে এবার দুটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন ‘ভ্যাকসিন হিরো’ আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায়।
বাংলাটিভি/ নূর



