আফগানিস্তান নির্বাচন : ২০ শতাংশ ভোটার উপস্থিতি

আসাদ রিয়েল : তালেবান হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। বেসরকারি হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানান দেশটির এক নির্বাচনী কর্মকর্তা।
শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের এই নিম্ন উপস্থিতি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আফগানিস্তানে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন।
আফগান স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) জানিয়েছে, ভোটকেন্দ্রে আসা ভোটারদের এক-তৃতীয়াংশ ছিল নারী ভোটার। রোববার প্রকাশিত সংস্থাটির রিপোর্টে দেখা গেছে, ভোটারদের প্রকৃত উপস্থিতি আরও কম ছিলো। তাদের হিসাব অনুযায়ী, ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন মাত্র ১১ লাখ।
এদিকে আফগান সরকার এ নির্বাচনকে সফল বলে দাবি করে জানিয়েছে, কঠোর নিরাপত্তার কারণে তালেবানরা এদিন বড় ধরনের হামলা চালাতে পারেনি। তবে আফগানিস্তান পর্যবেক্ষক কমিটি জানিয়েছে, নির্বাচনের দিন ছোটবড় প্রায় চারশোটি হামলা হয়েছে।
বাংলাটিভি/ নূর



