অন্যান্যবাংলাদেশ

৮ মাসে কিশোর অপরাধীদের হাতে নিহত ৬

রনি গোমেজ, চট্টগ্রাম :  চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধীরা। বিভিন্ন অপরাধ, দখলদারিত্ব আর আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ছে তারা। বিগত দেড় বছরে কিশোর অপরাধের কারণে নগরীর বিভিন্ন থানায় মামলা হয়েছে কমপক্ষে ২৫টি। পারিবারিক অনুশাসনের অভাবকে এ জন্য দায়ি করেছে পুলিশ আর রাজনৈতিক প্রশ্রয়কে দুষলেন অভিভাবকরা।

নগরীর চকবাজার, বাকলিয়া, নিউমার্কেটসহ, অলি-গলিতে আবারো মাথাচাড়া দিয়ে উঠছে কিশোর অপরাধ। গ্যাং গঠন করে, ইভিটিজিং, ছিনতাই, খুন ও মাদক ব্যবসাসহ, নানা অপরাধে যুক্ত হচ্ছে তারা। গত ৮ মাসে চট্টগ্রামে কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছে ৬ জন।

২০১৮ সালের ১৬ জানুয়ারি নগরীর জামালখানে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসপারকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি, নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে ওমরগণি এমইএস কলেজের পাশে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয় জনি। এরপর কিশোর অপরাধীদের নিয়ে নড়েচড়ে বসে সিএমপি।

তখন পুলিশের তালিকায় নগরীতে ৩শ অপরাধ প্রবণ এলাকাসহ নাম আসে ৫৫০ জন কিশোরের। তালিকা তৈরির পর কয়েকমাস স্পটগুলো নিয়মিত পুলিশের নজরদারিতে থাকলেও সেই আড্ডাস্থলগুলো আবারো সরব হয়ে উঠেছে কিশোর-তরুণদের আনাগোনায়।

স্থানীয়রা বলেন, মুলত বড় ভাইদের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধে জডিয়ে পড়ছে কিশোররা। অন্যদিকে রাজনৈতিক প্রশ্রয়কে দুষছেন অভিভাবকরা।

এদিকে স্কুল, কলেজসহ বিভিন্ন অপরাধপ্রবণ স্পটগুলোতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে জানান চকবাজার জোন সহকারী পুলিশ কমিশনার  মুহাম্মদ রাইসুল ইসলাম।

তবে, পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নজরদারীর তাগিদ দিচ্ছেন বিশিষ্টজনেরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button