পর্যটকদের আনাগোনায় মুখরিত কালীবাড়ী পদ্মবিল

সাইফুল ইসলাম, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঘাগুটিয়া ও ধর্মনগর কালীবাড়ী পদ্মবিলে এখন ভ্রমন পিপাসু পর্যটকদের আনাগোনায় মুখরিত। যে কারো মনে ভিন্নমাত্রার অনুভুতি জাগাবে এ পদ্মবিলের সৌন্দর্য। এক সময় খালে-বিলে পদ্মের কমতি ছিল না। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই পদ্মফুলের ঐতিহ্য।
হারাতে বসা এ বিলের সৌন্দর্য্য রক্ষায় সরকারের নজরদারী আশা করছেন এলাকাবাসী। আর উপজেলা প্রশাসন বলছে,এ বিলের সৌন্দয্য রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্ত ঘেঁষা ঘাগুটিয়া পদ্মবিল। সিমান্তের পশ্চিমপাড় বাংলাদেশের আখাউড়া-কসবা আর পূর্ব প্রান্তে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের আমতলী থানার মাধবপুর গ্রাম। এরই মাঝখানে পদ্মবিল।
বর্তমানে পদ্মবিল সেজেছে শরতের অপরূপ সাজে। এর নয়নাভিরাম দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে। প্রত্যন্ত এলাকা হলেও পদ্ম ফুলের শোভা দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে বিলের তীরে ভীড় করছেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনীয় এ স্থানটিতে আসার সড়কগুলো সংস্কার এবং এর সুন্দর পরিবেশ তৈরির দাবী জানিয়েছে স্থানীয়রা।
পদ্মবিল পরিদর্শনে গিয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা আক্তার রেইনা বলেন, এ স্থান দু’টির গুরুত্ব বিবেচনা করে এর উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ দুটি পদ্মবিলে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো পাঁচ মাস পদ্মফুলে রঙ্গিন থাকে। নয়নাভিরাম এ স্থান দুটোকে রক্ষনাবেক্ষন করা হলে আখাউড়ায় নতুন করে তৈরি হতে পারে সুন্দর ও মনোরম একটি বিনোদন কেন্দ্র।
বাংলাটিভি/ নূর



