নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পাহাড় টিলা

রুয়েল কামাল, বড়লেখা : আইনের তোয়াক্কা না করে জুড়ীতে কতিপয় প্রভাবশালী নির্বিচারে ধ্বংস করছে প্রাকৃতিক পাহাড় টিলা। এতে বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য আর ধ্বংস হচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জনপ্রতিনিধিসহ ভুক্তভোগী এলাকাবাসীরা।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর এলাকায় অন্তত ৭টি টিলা থেকে প্রতিদিন সন্ধ্যা হলে শুরু হয় ট্রাক-ট্রাক্টরে টিলার মাটি পরিবহণ। প্রভাবশালীরা এসব টিলা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে ট্রাক-ট্রাক্টরের কারণে, কালিনগর এলাকার রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে।
এলাকাবাসী জানায়, কালিনগর ছাড়াও জুড়ী উপজেলার গোয়ালবাড়ি, পূর্বজুড়ী, সাগরনাল, ফুলতলা ইউনিয়নের বিভিন্ন সরকারী-বেসরকারী টিলা থেকে প্রভাবশালীরা অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। মানছে না কারো বাধা।
উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক জানান, টিলা থেকে মাটি কাটার বিষয়ে পুলিশকে অবগত করা হলেও, অদৃশ্য কারণে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এদিকে টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।
পাহাড়-টিলার মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি জোর দাবী ভুক্তভোগী এলাকাবাসীর।
বাংলাটিভি/ নূর



