
আকবর হোসেন, গোপালগঞ্জ : টানা আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের খবরে আনন্দের বন্যা বয়ে যায় শিক্ষার্থীদের মাঝে। দ্রুত নতুন ভিসি নিয়োগের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী শিক্ষক-শিক্ষার্থীদের।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবীতে টানা ১২ দিন ধরে আন্দোলনে ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেন।
পরে বোরবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৫ সদস্যের তদন্ত দল, তদন্ত শেষে ভিসির অপসারনের সুপারিশ করে প্রতিবেদন জমা দিলে, ওই দিন রাতেই পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাংলো ছেড়ে ঢাকায় চলে যান ভিসি।
সোমবার দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে জয় বাংলা চত্বরে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন তারা। আর নতুন ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা শিক্ষার্থীরা।
শুধু ভিসির অপসারন বা পদত্যাগ নয়, দূর্নীতি ও অনিয়মের বিচার করার পাশাপাশি তার সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবী শিক্ষকদের।



