
আরমান কায়সার : সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মুল্যে পেঁয়াজ বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা করেন দক্ষিণের মেয়র।
পূর্ব ঘোষণা ছাড়াই গেল রোববার থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এর প্রভাবে, রাতারাতি দ্বিগুণেরও বেশি হয়ে যায় পেঁয়াজের দাম।
দাম নিয়ন্ত্রণের অংশ হিসাবে বুধবার সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময়, অন্যসব নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও, পেঁয়াজের দাম কিছুটা বাড়তি বলে জানান তিনি। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আগামী কয়েক দিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা দেন তিনি। কোন পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন মেয়র।



