রংপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

সৌরভ নূর : সকাল ৯টা থেকে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। একযোগে ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এই নির্বাচনে সবকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুরের আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার সব কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আর শুক্রবার (৪ অক্টোবর) কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হয়েছে বাকি নির্বাচনি সরঞ্জাম।
জানা গেছে, রংপুর-৩ উপ-নির্বাচনের পুরো আসনের ১৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬টি আসনকে ঝুঁকিপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ৪৯টিকে অতি ঝুঁকিপূর্ণ মনে করছেন রিটার্নিং কর্মকর্তা শাহাতাব উদ্দিন।
এই রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব কেন্দ্রে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বও তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।
রংপুর-৩ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রেসিডেন্ট মরহুম এরশাদের পুত্র রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ, বিএনপির প্রার্থি রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার)সহ ৬ জন প্রার্থী।
বাকিরা হলেন গণফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও এনপিপি-এর শহিদুল আলম।



