
আসাদ রিয়েল : বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার ফিরে যাওয়ার জন্য মিয়ানমার নিরাপদ নয় বলে মনে করছেন জাতিসংঘের স্বাধীন তদন্তকারী ইয়াংহি লি। শুক্রবার এক প্রতিবেদনে এই অভিযোগ করেছেন জাতিসংঘের নিয়োগকৃত মিয়ানমার বিষয়ক এই তদন্তকারী।
কারণ হিসেবে তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নিপীড়নমূলক বিধি-ব্যবস্থার অবসান ঘটাতে নেপিদো ব্যর্থ হয়েছে।
সাধারণ পরিষদে বিলি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখনও উত্তর রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গারা ভয়ঙ্কর পরিবেশে বসবাস করছে, এমনকি তারা তাদের গ্রামের বাইরে যেতে পারছে না, জীবিকা উপার্জনও করতে পারছে না। ফলে তাদের নির্ভর করতে হচ্ছে সেখানে প্রবেশের সুযোগ পাওয়া সীমিত মানবিক সাহায্যের ওপর।
তিনি আরও বলেন, যখন এই পরিস্থিতি বিরাজ করছে, তখন শরণার্থীদের স্থায়ীভাবে ফিরে যাওয়া নিরাপদ নয়।



