বাড়ি থেকে উঠিয়ে নিয়ে দুই গৃহবধূকে কুপিয়ে জখম, আতঙ্কে পুরো পরিবার

মোস্তফা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে দুই গৃহবধূকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী সেলিম ও ছাইফুল গ্রুপ। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই দুই গৃহবধূর পরিবার।
উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামে ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে উঠিয়ে নিয়ে দুই গৃহবধূ রুমা বেগম (৩৫) ও লিমা বেগম (৩২) কে কুপিয়ে জখম করে শেখ সেলিম ও মোঃ ছাইফুলদের গ্রুপের লোকজন। ওই দুই গৃহবধূ ১৯ দিন যাবৎ ঢাকাস্থ একটি হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় দিন কাটাচ্ছে।
তারা আইনের আশ্রয় নিতে থানায় গেলে তাদের মামলা নেয়নি বলে অভিযোগ করেন গৃহবধূর পরিবার। থানায় মামলা করতে না পেরে গৃহবধূর পরিবার আদালতে গিয়ে আসামীদের বিরুদ্ধে সি.আর মামলা করে। ঘটনার পর থেকে সন্ত্রাসী সেলিম ও ছাইফুল গ্রুপ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এছাড়া ভুক্তভোগী ওই পরিবারের সদস্যদের মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে তারা। এমনকি স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুলে যেতে দিচ্ছে না তারা।
সন্ত্রাসী শেখ সেলিম উপজেলার চালতিপাড়া গ্রামের শেখ মন্তাজ উদ্দিনের ছেলে ও একই গ্রামের কাজীম উদ্দিনের ছেলে মোঃ ছাইফুল। ভুক্তভোগী পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিন আগে চালতিপাড়া গ্রামে যে ঘটনাটি ঘটেছে। সেটা একটা লোমহর্ষক ঘটনা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। প্রশাসনের কাছে দাবী তাদের কিভাবে দমন করা যায় সে ব্যবস্থা যেন গ্রহণ করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৩ সেপ্টেম্বর চালতিপাড়া গ্রামে দুই পক্ষের একটি বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক লোক আহত হয়েছে। কিন্ত তারা থানায় কোনো মামলা করে নাই।
তিনি আরো বলেন, শুনেছি তারা বিজ্ঞ আদালতে সি.আর মামলা দায়ের করেছে। আদালতের কোন কাগজ আমাদের কাছে এখনো আসে নাই। আদালত যে আদেশ দিবে সেই আদেশ আমরা পালন করতে প্রস্তুত আছি।



