লন্ডনে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় টিউলিপ সিদ্দিক

লন্ডনে ২০১৯ সালে ব্রিটেনের রাজধানীতে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় রয়েছেন, টিউলিপ সিদ্দিক।
টিউলিপ ব্রিটেনের লেবার পার্টি থেকে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের সংসদ সদস্য। লন্ডনভিত্তিক সংবাদপত্র ইভিনিং স্ট্যান্ডার্ড প্রতিবছর লন্ডনে বিভিন্নক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারীদের নিয়ে প্রোগ্রেস ১০০০ নামে এ তালিকা প্রকাশ করে।
রাজনীতি ছাড়াও প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসাসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নাম আসে এ তালিকায়। টিউলিপ সিদ্দিক এ তালিকায় স্থান পেয়েছেন ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে। বিরোধীপক্ষের এক সদস্যের ভোট দেয়াকে কেন্দ্র করে সন্তান জন্ম দেয়ার সময় আসন্ন হলেও, সশরীরে পার্লামেন্টে গিয়ে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন টিউলিপ।
তার এ সাহসী সিদ্ধান্তের কারণে সন্তান প্রত্যাশী ও নবজাতকদের বাবা-মায়ের জন্য ঐতিহাসিক প্রক্সি ভোটিং পদ্ধতি চালু করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। এ বিষয়টিকেই গুরুত্বপূর্ণ মনে করে ইভিনিং স্ট্যান্ডার্ড, তাকে এ সম্মাননা দিয়েছে।
তিনি ছাড়াও এ তালিকায় আছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন,স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনের মতো লন্ডনের রাজনীতিকরা।



