
হাসান মজুমদার, নারায়ণগঞ্জ : এই প্রথমবারের মতো নারায়ণগঞ্জে ইলেকট্টনিক ট্টাফিকিং কার্যক্রম চালু হয়েছে। ‘পস’ মেশিনে ট্টাফিক পুলিশের মামলা ও জরিমানা আদায় সংক্রান্ত সকল কাজ সমাধান হবে এক নিমিষেই। বাঁচবে সময় ও পরিবহন সংক্রান্ত সবধরনের হয়রানি বন্ধ হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুনুর রশীদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, নারায়ণগঞ্জবাসী।
মোটরযান চালক ও মালিকদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় প্রথমবারের মত চালু হয়েছে ই-ট্টাফিকিং সিস্টেম। এই প্রক্রিয়ার মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন,ড্রাইভিং লাইসেন্স ও পূর্বে গাড়িটিতে মামলা হয়েছে কিনা, এ ধরণের সকল তথ্য পাওয়া যাবে স্বল্প সময়ে। ফলে স্বস্তি মিলবে পরিবহন মালিক ও শ্রমিকদের।
জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ জেলা ট্টাফিক বিভাগ বলছে, ই-ট্টাফিকিং এর কারনে মাত্র ১৫ মিনিটেই গাড়ীর মামলা সংক্রান্ত সকল ঝামেলা মিটে যাবে। এছাড়াও মোটরযান চালকরা ব্যাংক কার্ড ব্যবহার করে, ইউক্যাশের মাধ্যমে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারবেন।
পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল ব্যাংকিংও এর সাথে যুক্ত করা হবে বলে জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ হারুনুর রশীদ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় ৪৩টি ইউক্যাশের এজেন্টের মাধ্যমে সরাসরি জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন চালক ও মালিকরা। জরিমানার টাকা পরিশোধের ম্যাসেজ মোবাইল ফোনে চলে গেলে, ট্টাফিক বিভাগ জব্দকৃত কাগজপত্র চালকের নিকট বুঝিয়ে দিবে বলেও, জানান নারায়ণগঞ্জ পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
ই-ট্টাফিকিং কার্যক্রমের মাধ্যমে পরিবহন সেক্টরে পুলিশি হয়রানী অনেকটাই কমে আসবে, দূর্ভোগ কমবে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীদের।



