১৪ বছর সাজা ভোগের পর ধর্ষণ মামলায় ফের গ্রেফতার

জাহিদ খন্দকার, গাইবান্ধা : ২০০২ সালে দেশজোড়া আলোড়ন সৃষ্টিকারী গাইবান্ধার চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃষা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী বখাটে মেহেদী হাসান মডার্ণ আবারও ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক জানান, নির্যাতিত ছাত্রীটির মায়ের অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর তার মেয়ে গাইবান্ধা শহরের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মডার্ণ ও তার সহযোগী সাব্বির হোসেন বাপ্পী জোর করে মটর সাইকেলে তুলে শহরের অদূরে বোয়ালীতে এক মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে যায়।
সেখানে তার ওপরে যৌন নির্যাতন চালায় মডার্ণ। পরে সে বাড়ি ফিরে না আসায় থানায় জিডি করে পরিবার। পরদিন তাকে রংপুর শহর থেকে উদ্ধার করা হয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থেকে মডার্ণকে গ্রেফতার করে। শনিবার বিকালে তাকে গাইবান্ধা থানায় নিয়ে আসা হয়। অপর আসামী বাপ্পী এখনও পলাতক রয়েছে।
প্রসঙ্গতঃ ২০০২ সালের ১৭ জুলাই গাইবান্ধা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা তৃষা স্কুল থেকে বাড়ি ফেরার পথে মডার্ণ সহ তিন বখাটে তাকে ধাওয়া করে। এ সময় পুকুরে পড়ে তৃষা মারা যায়।
এ ঘটনায় তারা বিচারিক আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত হলেও পরে আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগ ১৪ বছরের সশ্রম কারদন্ড দেন।



