বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দূর্গাপুজা উদযাপন

আব্দুল হামিদ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দূর্গাপুজা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এসব আয়োজনের মধ্যে রয়েছে অঞ্জলী, সন্ধ্যারতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মন্দিরগুলোতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, দেবী আরাধনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে শারদীয় দূর্গাপুজা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক-এর উদ্যোগে, উডসাইডের গুলশান ট্যারেসে দূর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। এসব মন্দির প্রাঙ্গণ ভক্তদের সমাগমে  মুখরিত হয়ে উঠেছে।

স্থানীয় সময় গত শুক্রবার মন্দির প্রাঙ্গণে পরিদর্শনে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা। এসময়, তাদের স্বাগত জানান, পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

এদিকে, জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরেও অঞ্জলী, সন্ধ্যারতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিপুল উৎসাহে দুর্গোৎসব উদযাপনের আয়োজন করা হয়।

অন্যদিকে, নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির এবসিকন সিটির পশ্চিম ক্যালিফোর্নিয়া এভিনিউতে অবস্থিত রাধা কৃষ্ণ মন্দির ও উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত সনাতন হিন্দু ধর্মাবলমবীদের মন্দিরে গত ৩ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

সন্ধ্যা গড়াতেই দুই মন্দিরেই পূজার্থীদের ঢল নামে। বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে তারা। সন্ধ্যায় পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদযাপিত হোক সকল প্রবাসী সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব এমন প্রত্যাশা সবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button