ʿআবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়’ পুরস্কৃত বাংলাদেশ

আফরিন রিয়া : নাইজেরিয়ায় ʿআবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়’ সেরা বিদেশি অংশগ্রহণকারী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর শুরু হয়ে এ মেলা চলে ২ অক্টোবর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটেল টেরিটোরি বিষয়ক প্রতিমন্ত্রী, হাজিয়া রামাতু তিজানি আলিয়ু এবং শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়ম কাতাগুম।
বাংলাদেশ হাই কমিশন মেলার ১২তম বার্ষিক আয়োজনে অংশ নেয়। মেলার সমাপনী দিনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেরা বিদেশি অংশগ্রহণকারী দেশ এর পদক ও সনদ পেয়েছেন, বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান। এসময় নাইজেরিয়ার ব্যবসায়ী নেতাদের বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান হাই কমিশনার।
বাংলাদেশ হাই কমিশনের স্টলে তার নিজস্ব সংগ্রহের নানা রপ্তানি পণ্য স্থান পায়। প্রথমবারের মতো অংশগ্রহণকারী বাংলাদেশের স্টলে ছিল মসলা, তৈরি পোশাক, নিটওয়্যার, চা, সিরামিক দ্রব্য, প্লাস্টিক, মেলামাইন সামগ্রী, নকশি কাঁথা ও জামদানিসহ হরেকরকম পণ্য সামগ্রী।



