
সৌরভ নূর : বিশ্বের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণপ্রেমীরাদেশের জন্য অতি কাঙ্ক্ষিত স্থান, প্রতিনিয়ত সেখানে পর্যটক সমাগম বাড়ছে। কিন্তু তাদের ফেলে রাখা বর্জ্যে দূষিত হচ্ছে দ্বীপের পরিবেশ।
তাই সেন্টমার্টিনে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়ে গত ৩ অক্টোবর রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করেন কিছু ভ্রমণপ্রেমী। তিন দিনে ৯৪ বস্তা ওজনে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে ৬ অক্টোবর বিকালে সেন্টমার্টিন থেকে ফেরেন তারা। তাদের এই পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয় ড্রিম নাইট নামের একটি রিসোর্ট।
স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, সেন্টমার্টিন পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির অভিযানের জন্য ৩৯ জন তিনটি দলে ভাগ হয়ে কাজ করেছে। সবাই ময়লা সংগ্রহ করে সেইসব ব্যাগ জেটি ঘাটের কাছে জমা করতে থাকেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) গ্রুপের সদস্য তারা। এরআগে ২০১৮ সালে টিওবি গ্রুপের ৫৫ জন সদস্য প্রায় ১৪০ কেজি প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। এই গ্রুপের সঙ্গে যুক্ত আছেন প্রায় ১০ লাখ ভ্রমণপিপাসু।
টিওবি গ্রুপের একজন অ্যাডমিন নিয়াজ মোরশেদ বলেন, ‘আমাদের এই অভিযান দেখে যদি কেউ ব্যবহৃত পানির বোতল না ফেলে দিয়ে ফেরত আনে তাহলেই সার্থকতা আসবে।
তিনি আরো বলেন, আমাদের ফেলে আসা প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য কতটা হুমকি হয়ে দাড়াচ্ছে এটা দর্শনার্থীদের বোঝাতে পারলে, তাহলেই একদিন ইতিবাচক পরিবর্তন আসবে।



