আবরার হত্যার বিচারের দাবিতে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সুরাইয়া সিমা : বুয়েট ছাত্র আবরার ফাহাদের ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। হত্যার বিচারের দাবীতে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা আবরার হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন তারা।
সকালে কুষ্টিয়া রায়ডাঙ্গা গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে দাফন করা হয় আবরার ফাহাদকে। এর আগে তার মরদেহ গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে পৌঁছুলে হাজারও মানুষের ঢল নামে তাদের প্রিয় ফাহাদকে শেষবারের মতো একনজর দেখতে। অন্যদিকে সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ মানববন্ধন।
সকালে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে,আবরার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, বাংলাদেশের কমিউনিষ্ট পাটি বগুড়া জেলা সম্পাদক আমিনুল ফরিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ছাত্ররা।
আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এসময় শিক্ষার্থীরা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন তারা।
এছাড়াও, রাজবাড়ী, জয়পুরহাট, গাইবান্ধা,লালমনিরহাটসহ দেশের বিভিন্নস্থানে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



