
সৌরভ নূর : আবরার ফাহাদ হত্যার দুদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে পড়েন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
আবরার হত্যাকান্ডের প্রায় ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পর উপাচার্য মঙ্গলবার বিকাল সোয়া ৪টার পর ক্যাম্পাসে এলেও বিক্ষোভস্থলে না গিয়ে নিজের কার্যালয়ে চলে যান। প্রথমে তিনি প্রভোস্টদের নিয়ে বৈঠক করেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ প্রতিনিধির সঙ্গে বসতে চান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু পাঁচ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের জন্য উপাচার্যের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
এরপর সন্ধ্যা ছয়টার পর তিনি দোতলা থেকে নেমে বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে এলে শুরু হয় হট্টগোল। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় তার রুমে বাইরে থেকে তালা দেওয়া হয়।
এরআগে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না বসায় তাকে অবরুদ্ধ করা হয়।



