
বেসিক ব্যাংক কেলেঙ্কারির পর এখন পর্যন্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব দিলোয়ার বখত।
মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ের এক সংবাদ সম্মেললে তিনি এ মন্তব্য করেন। এ সময়, ক্যাসিনো ইস্যুতে অভিযুক্ত ৪৩ জনের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু, বাচ্চুর বিষয়ে দুদকের ভূমিকা ও দুদক চেয়ারম্যানের সমালোচনা করেন সরকার দলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। সোমবার হাইকোর্টে তিনি সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হোলে দুদক চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়া উচিত।
এ বিষয়ে কথা বলতে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদক। এসময় দুদক চেয়ারম্যানের পদত্যাগের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন সংস্থার সচিব। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের এখনো প্রমাণ মেলেনি বলেও জানান দুদক সচিব।
এছাড়া, ক্যাসিনোর সাথে সম্পৃক্ত ৪৩ জনের বাইরে নাম আরো বাড়তে পারে বলেও জানান দিলোয়ার বখত।
মাসুদ সুমন | বাংলা টিভি



