লেবাননে মকবুল হোসেনের যুদ্ধ জাহাজ পরিদর্শন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিএনএস বিজয় পরিদর্শন করেছেন, সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ৪ দিনের সফরে, গত বুধবার লেবাননে যাওয়ার পর, বিশ্বের প্রথম মেরিটাইম টাস্কফোর্সে নিয়োজিত বাংলাদেশি যুদ্ধ জাহাজটি পরিদর্শন করেন।
১৭ অক্টোবর দুপুরে রাজধানীর বৈরুত বন্দরে নোঙর করা বিশ্বের প্রথম মেরিটাইম টাস্কফোর্সে নিয়োজিত বাংলাদেশি যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও প্রতিনিধি দলের সদস্যেরা।
জাহাজে পৌঁছলে সহকারী নৌপ্রধানকে স্বাগত জানান বানৌজা বিজয়ের অধিনায়ক ও ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন এম জয়নাল আবেদিন। এসময় জাহাজের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে জাহাজের বিভিন্ন কর্মকান্ডের উপর তাঁকে ব্রিফিং করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে তিনি জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকদের কর্মনিষ্ঠ এবং পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখার দিক নির্দেশনা প্রদান করেন।
সহকারী নৌপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী লেবানিজ নৌবাহিনীদের প্রশিক্ষন দিয়ে ইতিমধ্যেই তাদের প্রশংসা কুঁড়িয়েছে।এধরনের সফলতার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
লেবাননে অবস্থানকালে সহকারী নৌ প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি দলটি দেশটির সামরিক-বেসামরিক এবং জাতিসংঘের মিশনের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। বাংলাদেশ-লেবানন এবং বাংলাদেশ-জাতিসংঘের মাঝে সামরিক ও কুটনৈতিক সর্ম্পক জোরদারে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ নৌবাহিনী।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



