প্রবাসী কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি সনদ দেয়ার আহ্বান

বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি সনদ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেক কর্মী মধ্যপ্রাচ্যে কাজ করছেন। দীর্ঘদিন যাবত কাজ করার ফলে, তাদের মধ্যে কর্মদক্ষতা সৃষ্টি হয়েছে। তাদের এই দক্ষতার স্বীকৃতি দিলে, নিজ দেশে বা বিদেশে কাজের সুযোগ পাবেন তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে আবুধাবি ডায়লগের ৫ম মন্ত্রী পর্যায়ের আলোচনায় এসব কথা বলেন তিনি। বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে যে প্রশিক্ষণ দেয়া হয়, তার পারস্পরিক স্বীকৃতি দেয়ার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার কথাও বলেন মন্ত্রী।
এসময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।



