
ইন্দোরে প্রথম টেস্টে ভারতের কাছে ১৩০ রানে হারলো বাংলাদেশ। ৩৪৩ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে তৃতীয় দিনেই গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
গেলো বৃহস্পতিবার প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে ৩২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। এমন সংকটে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। সর্বোচ্চ ৪৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে, মুমিনুল করেন ৩৭। সফরকারীদের ইনিংস থামে ১৫০ রানে।
পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৯৩ রান করে ভারত। ৩৪৩ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৩৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মুশফিক। ৫৯ রানের জুটি গড়ার পাশাপাশি মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২০তম অর্ধশতক।
ব্যক্তিগত ৬৪ রানে মুশফিক আউট হলে ২১৩ রানে থেমে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। এতে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস এবং ১৩০ রানে হেরে গেল বাংলাদেশ।
শুদ্রক আজিজ, বাংলা টিভি



