২০টি ইভেন্টের মধ্যে ১৮টি পদক বাংলাদেশের ঝুলিতে

দক্ষিণ এশিয়ান গেমসে সোমবার ২০টি ইভেন্টে অংশ নিয়ে ১৮টি পদক আসে বাংলাদেশের ঝুলিতে। লাল-সবুজদের প্রথম স্বর্ণ উপহার দেন তাইকোয়ান্দোর দিপু চাকমা। এ ছাড়া দুটি রৌপ্যসহ ১৫টি ব্রোঞ্জ পদক পান বাংলাদেশের অ্যাথলেটরা। তবে হতাশ হতে হয় ফুটবলে। ভুটানের কাছে ০-১ গোলে হারে জামাল ভূঁইয়ারা।
রোববার এসএ গেমসের উদ্বোধনের পর, সোমবার দ্বিতীয় দিনে বাংলাদেশকে চমক দেখান দিপু চাকমা। ছেলেদের তাইকোয়ান্দো ডিসিপ্লিনে একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে উপহার দেন প্রথম স্বর্ণ। এই কৃতি গড়ার পথে তার স্কোর ছিল ১৬ দশমিক ২৪। তিনি পরাজিত করেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।
দেশকে প্রথম পদক এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। কারাতে ডিসিপ্লিনে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন তিনি। একই ইভেন্টে অপর তাম্রটি আসে হাসান খান সানের কাছ থেকে। পুরুষ এককে তৃতীয় হন তিনি। ছেলে ও মেয়েদের দলীয় কাতা থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।
পুরুষ একক কুস্তিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে রৌপ্য জিতেছেন মোস্তফা কামাল। আর মেয়েদের এককে একই ওজন শ্রেনীতে মাউনজেরা বর্ণা পেয়েছেন রৌপ্যপদক। পুরুষ অনুর্ধ্ব-৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, ৮৪ উর্ধ্ব কেজিতে আতিকুর রহমান, মেয়েদের অনুর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।
গেমসের ফুটবল ইভেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সোনা জয়ের লক্ষ্য নিয়ে কাঠমান্ডু গেলেও প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিতে হয় জামাল ভূঁইয়াদের। ভুটানের কাছে ০-১ গোল ব্যবধানে হারে তারা।
পুরুষ ভলিবলে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ক্রিকেট ইভেন্টের নারী টি-টোয়েন্টি ডিসিপ্লিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



