
আগামী সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো আওয়ামী লীগের হাল ধরবেন বলে আশা করছেন, দলটির অঙ্গ সংগঠনের নেতারা। তাদের বিশ্বাস এই সম্মেলনে তিনি নবীন এবং প্রবীণের সমন্বয়ে এমন একটি কমিটি উপহার দেবেন যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবে।
দীর্ঘ ৭০ বছর রাজপথের নানা আন্দোলন সংগ্রামে নেতৃত্বে দিয়েছেন ভাসানী ও বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। নানা নেতৃত্বে পেরিয়ে ১৯৮১ সালের দলের ১৩তম কাউন্সিলে দলের হাল ধরেন শেখ হাসিনা।
নানা প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি আগলে রেখেছেন প্রাচীন এই দলটিকে।
দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। তাদের প্রত্যাশা এবারের সম্মেলনেও তিনি থাকবেন দলটির প্রধান হয়ে।
আগামী দিনে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে এই সম্মেলনের মাধ্যমে নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটি কমিটি আসবে বলে জানান, অনেক নেতা।
এ ছাড়া ভিশন ২০৪১ বাস্তবায়নে এ সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্বে উঠে আসবে বলেও জানান, তারা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



