
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন লোক দেখানো বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত এক আলোচানা সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, একদিকে বিএনপি সমর্থিত কাউন্সিলদের গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে চলছে নির্বাচনী প্রচারণা। এটা কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না বলে দাবি করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় সরকার সক্ষমতা হারিয়েছে দাবি করে মওদুদ বলেন, নতজানু নীতির কারণে অনুপ্রবেশকারীদের বিষয়ে কোন কথা বলছে না সরকার। ক্ষমতায় টিকে থাকতে নিজেদের অবস্থানকে ছোট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকার শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন মওদুদ আহমদ।
বিদায়ী বছরে সরকার মিথ্যাচার ছাড়া সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আগামীর আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।



