
জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীর দুইজনের অবস্থান জানা গেলেও তিনজনের অবস্থান এখনো অজানা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর না করা পর্যন্ত তাদেরকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই হত্যাকান্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ খুনির ২ জনের অবস্থান জানা গেলেও তিনজনের অবস্থান এখনো অজানা। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় অবস্থায় করছেন। এছাড়া বিভিন্ন দেশে পালাতক রয়েছেন অন্য তিন আসামী শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার।
খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান আইনমন্ত্রী। আর বাকি তিন আসামির অবস্থান নিশ্চিত নয় জানিয়ে তাদের খুঁজে বের করে রায় কার্যকরের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সবশেষ গেলো ১২এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় ভারতে পালিয়ে থাকা খুনি আব্দুল মাজেদের। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের ঘটনায় এ নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ৬ খুনির।
হাকিম মোড়ল, বাংলা টিভি



