সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো বিশ্ব

অতীতের সব পরিসংখ্যানকে পেছনে ফেলে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো বিশ্ব। রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন নিয়ে আবারো সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
রোববার ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির ডেথ ভ্যালির তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত এক শতাব্দীর ইতিহাসে সর্বোচ্চ। ফার্নেস ক্রিকে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার স্বয়ংক্রিয় পর্যবেক্ষণে এটি রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলে চলমান দাবদাহের মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে। এর আগে ১৯৩১ সালে তিউনিসিয়াতেও ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার লয়ালটন শহরে দেখা গেছে ভয়ংকর আগুন টর্নেডোর। সংক্ষেপে একে ফায়ারনেডো নামে ডাকা হয়। এরই মধ্যে ফায়ার টর্নেডো নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এলাকা ফাঁকা করার নির্দেশ জারি করা হয়েছে।



