লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করলো আরেক বাংলাদেশি

লিবিয়ায় কর্মরত মো. ইমাদুল নামে এক বাংলাদেশি শ্রমিককে অপহরণ করেছে, আব্দুল খালেক নামে আরেক বাংলাদেশি।
জানা যায়, সাবরাতা শহর থেকে অপহরণ করা হয় ইমাদুলকে। পরে তার অপহরণের বিষয়টি স্থানীয় কয়েকজন বাংলাদেশি নাগরিক দূতাবাসকে জানালে, তাৎক্ষণিকভাবে ইমাদুলের নিয়োগকর্তার সাথে পরামর্শ করে স্থানীয় থানায় জিডি করার ব্যবস্থা করে, বাংলাদেশ দূতাবাস।
পরবর্তীতে অপহরণকারী চক্র ইমাদুলের ছেলের ইমো নম্বরে দেশে ফোন করে, নির্যাতনের ভিডিও দেখায় এবং দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে, স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহৃত ইমাদুলকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাস।
অপহরণের ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সেখানে কর্মরত অন্য এক বাংলাদেশি কর্মী জড়িত বলে সন্দেহ করেন। বিষয়টি তারা থানায় জানালে, পুলিশ সন্দেহভাজন হিসেবে আব্দুল খালককে আটক করে। জিজ্ঞাসাবাদে সে ইমাদুলের অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার অন্যান্য লিবিয়ান সহযোগীদের নামও প্রকাশ করে।
বর্তমানে ইমাদুলকে তার নিয়োগকর্তার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় জড়িত বাংলাদেশি নাগরিক আব্দুল খালেকসহ, সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপহরণ হওয়া ইমাদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এবং অপহরণকারী খালেকের বাড়ি দিনাজপুর জেলায়।



