
ট্রেনের ভাড়া আপাতত বাড়ানোর কোন সম্ভবনা নেই বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার সকালে রেল ভবনে বাংলাদেশ ও চীনের মধ্যে ৭৫ মিটারগেজ লাগেজ ভ্যান এবং ৫০ ব্রডগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, একথা বলেন তিনি।
এসময় করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলাচল করবে বলে জানান মন্ত্রী। রেলের সেবা মান উন্নয়ন করে ভাড়ার বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্যই আমরা ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করবো। ট্রেনের সব টিকিট অনলাইনে দেওয়া হবে। একইসঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের বালিশ, কাঁথা এগুলো দেওয়া হবে না। তাছাড়া করোনা ভাইরাসের এসময় ট্রেনে কোনো ধরনের খাবার সরবরাহ করা হবে না।
রেলমন্ত্রী বলেন, যাত্রীদের ভিড় এড়াতে রাজধানীর বিমানবন্দর স্টেশন, গাজীপুরের জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে আপাতত কোনো ট্রেন থামবে না। আগামী ১৫ জুন পর্যন্ত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।



